শিরোনাম

South east bank ad

মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

 প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন   |   দেশ

মুঠোফোনের আইএমইআই নম্বর পরিবর্তন চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম নগরীতে ছিনতাই ও চুরি হওয়া মুঠোফোনের আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি) নম্বর পরিবর্তন করে বিক্রির সঙ্গে জড়িত একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ জুন) সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র নগরীর বিভিন্ন এলাকায় পথচারীদের কাছ থেকে মোবাইল ফোন, নগদ টাকা ও মূল্যবান সামগ্রী ছিনতাই এবং চুরি করে আসছিল। পরে চক্রটি চুরি ও ছিনতাই হওয়া মোবাইল ফোনের আইএমইআই নম্বর পরিবর্তন করে দেশের বিভিন্ন জেলাছাড়াও রোহিঙ্গা ক্যাম্প, মিয়ানমার ও ভারতে পাচার করত। পুলিশের নিয়মিত অভিযানে এ ধরনের অপরাধীরা গ্রেপ্তার হয়ে আইনের আওতায় এলেও অনেকেই জামিনে বের হয়ে পুনরায় একই অপরাধে জড়িয়ে পড়ে।

উপ-পুলিশ কমিশনার মো. হাবিবুর রহমান জানান, একটি ছিনতাইয়ের ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে গত ২৪ জুন কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাভেদুল হোসেন ওরফে মনিকে গ্রেপ্তার করে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে নগরীর নন্দনকানন এলাকা থেকে চক্রের মূলহোতা মুহাম্মদ সোহেল উদ্দিন ওরফে পার্টি সোহেল, সিদ্দিক মিয়া সজীব, মো. শামীম এবং ফাইসুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

মো. হাবিবুর রহমান জানান, এ সময় তাদের কাছ থেকে চুরি, ছিনতাই ও ডাকাতির ২৪টি আইফোন, ১৩৩টি মোবাইল ফোন, পাঁচটি ল্যাপটপ, ২০৩টি মোবাইল সিম, একটি মাইক্রোস্কোপ, নগদ ১ লাখ ৩ হাজার টাকা, ৪৪টি মোবাইল ফোনের কেসিং, মাদারবোর্ড এবং মোবাইল ফোনের আইএমইআই পরিবর্তনে ব্যবহৃত একটি ফাইবার লেজার মার্কিং মেশিন উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে যে তারা বিভিন্ন চোর ও ছিনতাইকারী চক্রের কাছ থেকে কম দামে মোবাইল ফোন কিনে সংগ্রহ করত। পরে বিশেষ সফটওয়্যার ও প্রযুক্তি ব্যবহার করে ফোনগুলোর আইএমইআই নম্বর ও কেসিং পরিবর্তন করে বৈধ মোবাইল ফোন হিসেবে বাজারজাত করে।

তিনি আরও জানান, চক্রটি মোবাইলসহ বিভিন্ন ডিভাইসের তথ্য পরিবর্তন করে দিতে সক্ষম। এছাড়া তারা মোবাইলের মাদারবোর্ড খুলে নতুন সেটিংসে প্রবেশ করিয়ে দেয়। এর পাশাপাশি ফাইবার লেজার মার্কিং মেশিন দিয়ে আইএমইআই নম্বর পরিবর্তন করে। ফলে চুরি যাওয়া মোবাইলটি নতুন একটি মোবাইলে পরিণত হয়। আইএমইআই পরিবর্তন হলে সেটি পুলিশের নজরদারির বাইরে চলে যায় এবং পরে ওই ফোন উদ্ধার করা সম্ভব হয় না।

BBS cable ad

দেশ এর আরও খবর: