বিশ্বম্ভরপুরে ২০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা পুলিশের অভিযানে চোরাই পথে আনা প্রায় ২০ লাখ টাকার ভারতীয় জিরা ও ভুট্টা জব্দ করা হয়েছে। এ ঘটনায় পণ্য পরিবহনে ব্যবহৃত একটি পিকআপসহ দুইজনকে আটক করা হয়েছে।
একই সঙ্গে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে অভিযান চালিয়ে ভারতীয় পণ্য ও পিকআপসহ দুইজনকে আটক করা হয়।
পুলিশ জানায়, বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়ার নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া ও এএসআই (নিরস্ত্র) আব্দুর রব সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা, ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা এবং একটি পিকআপ জব্দ করা হয়।
আটকরা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে তালেবুল ইসলাম (৩০)।
এ ঘটনায় বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় মামলা (নং-১৮/১৪০, তারিখ: ১৯/০৬/২০২৬) দায়ের করা হয়েছে।
এ ছাড়া নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার ওয়ারেন্টভুক্ত তিন আসামিকেও গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন উপজেলার চান্দেরগাঁও (বর্তমান ঠিকানা-গন্ডামারা) গ্রামের আব্দুর রহিমের ছেলে আক্তার হোসেন (২৪), আনোয়ার হোসেন (৩৫) এবং একই গ্রামের মৃত মনর উদ্দিনের ছেলে আব্দুর রহিম (৬৫)।
বিশ্বম্ভরপুর থানার ওসি মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।


