অভিযানে গিয়ে সোনার চেইন চুরি, দুই পুলিশসহ ৪ জন কারাগারে
নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক উদ্ধারের অভিযানে গিয়ে সোনার চেইন চুরির অভিযোগে করা মামলায় ফতুল্লা মডেল থানার দুই পুলিশ সদস্যসহ চারজনকে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি অভিযুক্ত দুই সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে জেলা পুলিশ।
রবিবার (৫ জুলাই) সকালে ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
কারাগারে যাওয়া চারজন হলেন— ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম ও দুই সোর্স মিরাজ ইসলাম শুভ ও রানা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে ফতুল্লার জামতলা ধোপাপট্টি এলাকার ‘আইনজীবীর বাড়ি’ নামে পরিচিত একটি বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালান এসআই খায়রুল বাশার ও কনস্টেবল আফিকুল ইসলাম। তাদের সঙ্গে মিরাজ ইসলাম শুভ ও রানা ছিলেন।
অভিযানের একপর্যায়ে আলমারির ড্রয়ার থেকে একটি সোনার চেইন চুরির অভিযোগ ওঠে। বিষয়টি বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশ সদস্যদের পরিচয়পত্র দেখতে চাইলে তারা তা দেখাতে পারেননি। পরে স্থানীয় লোকজন চারজনকে আটক করে গণপিটুনি দেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসে।
এ ঘটনায় বাড়ির মালিক সুমা আক্তার বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন। মামলার পর এসআই খায়রুল বাশার, কনস্টেবল আফিকুল ইসলাম এবং দুই সোর্সকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।
ফতুল্লা থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. মাহবুবুল আলম জানান, অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠান। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।


