শিরোনাম

South east bank ad

সংগঠনের নাম-প্যাড ব্যবহার করে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

 প্রকাশ: ১৯ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন   |   পুলিশ

সংগঠনের নাম-প্যাড ব্যবহার করে অপপ্রচার, পুলিশ অ্যাসোসিয়েশনের প্রতিবাদ

 
বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম, প্যাড ও সাংগঠনিক পরিচয় ব্যবহার করে একটি মহল বিভ্রান্তিকর ও অসত্য তথ্য প্রচার করছে বলে অভিযোগ করেছে সংগঠনটির বর্তমান নির্বাচিত কমিটি। 

এ ধরনের কর্মকাণ্ডকে সংগঠনবিরোধী ও পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি বলে দাবি করে এর প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন।

রোববার (১৮ মে) সংগঠনটির সভাপতি কামরুল হাসান তালুকদার ও সাধারণ সম্পাদক মনিরুল হক ডাবলু স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রতিবাদলিপিতে এ তথ্য জানানো হয়।

প্রতিবাদলিপিতে বলা হয়, কিছু ব্যক্তি ব্যক্তিস্বার্থ হাসিল এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের নাম ও প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচার করে আসছেন। বিশেষ করে গত ১৭ মে পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও পুলিশ পরিদর্শক এ কে এম আলমগীর জাহান নিজেদের তথাকথিত ‘এডহক কমিটি/২০২৫’ পরিচয়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের অফিসিয়াল প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দিয়েছেন, যা সম্পূর্ণ অননুমোদিত, গঠনতন্ত্রবিরোধী এবং পুলিশ বাহিনীর শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ড বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্ট পরবর্তী সংকটময় সময়ে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বৈধ নেতৃত্ব পুলিশ সদস্যদের মনোবল পুনরুদ্ধার, সাংগঠনিক ঐক্য সুদৃঢ়করণ এবং বাহিনীর ভাবমূর্তি পুনঃপ্রতিষ্ঠায় এবং জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ঠিক সেই সময়ে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী ‘এডহক কমিটি/২০২৫’ নামে বিভ্রান্তি সৃষ্টি করে পুলিশ সদস্যদের মধ্যে বিশৃঙ্খলা ও বিভেদ তৈরির অপচেষ্টা চালাচ্ছে।

পুলিশ সদর দপ্তর থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করা হলেও তারা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলেও দাবি করে বর্তমান বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের।

বিবৃতিতে বলা হয়েছে, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত বর্তমান কমিটিই একমাত্র বৈধ, স্বীকৃত ও কার্যকর কমিটি। সংগঠনের নাম ও প্যাড ব্যবহার করে বিভ্রান্তিকর প্রচারণা, অসত্য তথ্য প্রকাশ এবং পুলিশ সদস্যদের মধ্যে বিভেদ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সংগঠনটি।

এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে প্রতিবাদলিপিতে।
BBS cable ad