শিরোনাম

South east bank ad

রাজধানীজুড়ে বসছে ১১ হাজার সিসি ক্যামেরা, মোহাম্মদপুরে বাড়তি নজরদারি

 প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন   |   পুলিশ

রাজধানীজুড়ে বসছে ১১ হাজার সিসি ক্যামেরা, মোহাম্মদপুরে বাড়তি নজরদারি

রাজধানীতে কিশোর গ্যাং, চুরি-ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নজরদারি জোরদার করছে পুলিশ। এ লক্ষ্যে ঢাকা মহানগরজুড়ে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বসিলা পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর এলাকাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এ এলাকায় ৭০০টি সিসিটিভি ক্যামেরা বসানো হবে। পাশাপাশি মোহাম্মদপুরের অপরাধপ্রবণতা বিবেচনায় সেখানে একটি নতুন পুলিশ ফাঁড়ি স্থাপন করা হবে।

তিনি আরও জানান, রাজধানীর ৫০টি থানায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি), সহকারী পুলিশ কমিশনার (এসি) ও পেট্রোল ইন্সপেক্টর নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া থানাগুলোতে আরও ৬০০ পুলিশ সদস্য যুক্ত করা হবে।

জেনেভা ক্যাম্প থেকে পুলিশ প্রত্যাহারের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, সেখানে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। র্যাব, ডিবি ও থানা পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। নতুন সরকারের পর এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

ডিএমপি কমিশনার আরও বলেন, অপরাধ দমনে পুলিশ কোনো কিছুকে হুমকি হিসেবে নয়, বরং চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে কাজ করছে।

.
BBS cable ad