চীনা নাগরিককে কুপিয়ে জখম করে মালপত্র লুট, গ্রেপ্তার ৫
ঢাকার কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম করে মালপত্র লুটের ঘটনায় ৫ ডাকাতিকে গ্রেপ্তার করেছে র্যাব। এ সময় লুণ্ঠিত মালপত্র উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।
গ্রেপ্তাররা হলেন মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০), হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪), ও মামুন (৩২)।
র্যাব জানায়, গত ১৪ এপ্রিল রাতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নির্মীয়মাণ ইয়াং জি জিয়াং নামের একটি প্রকল্পে প্রায় ১৫-১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল প্রকল্পের ভেতরে প্রবেশ করে নগদ অর্থ, মোবাইল ফোন, ঘড়ি ও বিভিন্ন মূল্যবান সামগ্রী ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় ওয়েন জিনহুয়া (৫৫) নামে একজন চীনা নাগরিক ডাকাতদলকে বাধা দেওয়ার চেষ্টা করলে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। বর্তমানে তিনি হাসাপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করা হয়েছে।
ডাকাতি সংঘটিত হওয়ার পর র্যাব-১০ অভিযান চালিয়ে দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করেন এবং লুট হওয়া ৩টি ব্র্যান্ডের দামি ঘড়ি, ২টি মোবাইল ফোন ও নগদ ১ লাখ ৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করেন।
র্যাব-১০-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান জানান, গ্রেপ্তার আসামি নাছির পেয়াদার বিরুদ্ধে পিরোজপুর মঠবাড়ীয়া থানা ও চট্টগ্রাম বায়েজিত বোস্তামি থানায় ২ টি মামলা, আসামি রোমান শেখ ও মামুনের বিরুদ্ধে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদক এ ছিনতাইয়ের মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আসামি ও উদ্ধার মালামাল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
.

