শিরোনাম

South east bank ad

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন   |   পুলিশ

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই : ডিএমপি কমিশনার

পয়লা বৈশাখ ঘিরে কোনো নিরাপত্তা শঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার (ডিএমপি) মো. সরোয়ার। তিনি বলেন, ‘ পহেলা বৈশাখে সবকিছু মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।’

রবিবার (১২ এপ্রিল) রমনার বটমুলে পহেলা বৈশাখের অনুষ্ঠানস্থলের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবে।
গুরুত্বপূর্ণ অনুষ্ঠানস্থলে বোম্ব ডিস্পোজাল ও কে-৯ দ্বারা সুইপিং করবে। অনুষ্ঠানের নিরাপত্তায় হ্যান্ড মেটাল ও আর্চওয়ে দিয়ে তল্লাশি হবে।

অনুষ্ঠানস্থলে কোনো প্রকার মুখোশ, ব্যাগ ও ধারাল বস্তু নিয়ে আসা যাবে না জানিয়ে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করতে হবে এবং অনুষ্ঠানস্থল ত্যাগ করতে হবে। কোনো ধরনের ফানুস বা আতশবাজি ফোটানো যাবে না এবং শব্দ দূষণ হয় এমন বাঁশি বাজানো যাবে না।

রমনায় বিকাল ৫টার পর আর প্রবেশ করা যাবে না জানিয়ে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার সরোয়ার বলেন, ‘অনুষ্ঠানস্থলসমূহে সর্বসাধারণের প্রবেশের জন্য ভোর ৫টায় গেট খোলা থাকবে এবং সন্ধ্যা ৬টার মধ্যে অনুষ্ঠান শেষ করে রমনা পার্ক ত্যাগ করতে হবে।’

রমনা বটমূলে ছায়ানটের অনুষ্ঠান সকাল সোয়া ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত চলবে। এ অনুষ্ঠানের জন্য অরুণোদয় গেট, রমনা রেস্তোরাঁ গেট ও শিশু পার্কের বিপরীতে অস্তাচল গেট দিয়ে প্রবেশ করা যাবে বলে জানান তিনি।

এদিকে বৈশাখী শোভাযাত্রা সকাল ৯টায় শুরু হবে জানিয়ে পুলিশ কর্মকর্তা সরোয়ার বলেন, শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ থানা মোড়-টিএসসি ক্রসিং (রাজু ভাস্কর্য)-ঢাবি মেট্রো স্টেশন- তিন নেতার মাজার-দোয়েল চত্বর ক্রসিং (ইউটার্ন)-বাংলা একাডেমি-টিএসসি হয়ে পুনরায় চারুকলায় গিয়ে শেষ হবে।

BBS cable ad