শিরোনাম

South east bank ad

কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু

 প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন   |   পুলিশ

কক্সবাজারে আসামী ধরতে গিয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং স্টেশন এলাকায় মাদক অভিযান চলাকালে রূপণ কান্তি দে নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঘটনাটি ঘটে। নিহত রূপণ কান্তি দে হারবাং পুলিশ ফাঁড়িতে সহকারী উপপরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত ছিলেন।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপপরিদর্শক (এসআই) মোফাজ্জল হোসেনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে মাদক মামলার আসামি জুনায়েদকে আটক করে। আটকের পর স্টেশনে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন রূপণ দে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় তার নাক-মুখ দিয়ে ফেনা বের হতে দেখা যায়। তাকে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। একই সময়ে এসআই মোফাজ্জল হোসেনও অজ্ঞান হয়ে পড়েন।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকবিরোধী অভিযানে হামলার শিকার হয়ে তার মৃত্যু এবং মোফাজ্জল হোসেন আহত হয়েছেন বলে তথ্য ছড়িয়ে পড়ে। তবে এ দাবি নাকচ করেছে চকরিয়া থানা ও জেলা পুলিশ।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, ‘হামলার কোনো তথ্য পাওয়া যায়নি। এর আগেও রূপণ কান্তি দে দুবার স্ট্রোক করেছিলেন। ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণেই তার মৃত্যু হয়েছে।’

প্রত্যক্ষদর্শীরাও ঘটনাস্থলে কোনো হামলার বিষয় দেখেননি বলে জানিয়েছেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মিনহাজুল ইসলাম জানান, মৃতদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
BBS cable ad