নির্বাচনে অনিয়ম প্রতিরোধে আনসার-ভিডিপির দৃঢ় অঙ্গীকার
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ‘অপশক্তির প্রভাবমুক্ত রেখে জাতিকে একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া শুধু দায়িত্ব নয়—এটি একটি পবিত্র আমানত। জন্মভূমির প্রতি গভীর ভালোবাসা, দেশের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এই রাষ্ট্রীয় দায়িত্ব পালনে অতীতের মতোই অটল থাকবে।’
আজ বৃহস্পতিবার টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে এক প্রস্তুতিমূলক সমাবেশ এসব কথা বলেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সামনে রেখে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী যে সুসংগঠিত প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে, তারই অংশ হিসেবে এই সমাবেশ করেন।
মহাপরিচালক তার বক্তব্যে দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে পারস্পরিক সংযোগ ও ঐক্য সুদৃঢ়করণ, সম্মিলিত শক্তির কার্যকর প্রয়োগ এবং সর্বোচ্চ পেশাদারি বজায় রেখে যেকোনো ধরনের অনিয়ম ও আগ্রাসন প্রতিহত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ‘মৌলিক প্রশিক্ষণের আলোকে ঐক্য, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে রাষ্ট্রীয় দায়িত্ব পালনই একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার প্রধান ভিত্তি।’
সমাবেশটি একই সময়ে জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে রাজশাহী, নওগাঁ ও ময়মনসিংহ জেলায় সরাসরি সম্প্রচার করা হয়। এসব জেলার দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যরা একযোগে মহাপরিচালকের দিকনির্দেশনা গ্রহণ করেন।
এই সমন্বিত আয়োজন দায়িত্বপ্রাপ্ত সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা, আত্মবিশ্বাস এবং দলবদ্ধভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের দৃঢ় প্রত্যয় সৃষ্টি করেছে, যা অনিয়ম ও অপচেষ্টার বিরুদ্ধে আপসহীন অবস্থানের প্রতিফলন ঘটিয়েছে।
মহাপরিচালক আরও বলেন, “বাহিনীর ধারাবাহিক প্রস্তুতিমূলক সমাবেশের মূল উদ্দেশ্য হলো দায়িত্ব পালনকারী সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ঐক্য ও সচেতনতা আরও জোরদার করা। জাতীয় নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব নিঃসন্দেহে চ্যালেঞ্জিং; তবে সম্মিলিত প্রস্তুতি ও দায়িত্ববোধ সেই চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখে।” তিনি উল্লেখ করেন, প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্যের সম্মিলিত শক্তিই যেকোনো অনিয়ম ও আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার প্রতিরোধে রূপ নেবে।


