দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
শনিবার (১৫ আগস্ট) দেশের বিশাল যুবসমাজকে দক্ষ ও আত্মনির্ভরশীল করে তুলতে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
আজ সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে ‘নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, দক্ষ যুবসমাজ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে। কর্মশালায় দেওয়া গুরুত্বপূর্ণ সুপারিশগুলো আগামী সাত দিনের মধ্যে লিখিত প্রস্তাব আকারে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে পাঠানোর নির্দেশ দেন তিনি। কাজের অগ্রগতি পর্যালোচনায় প্রতি চার মাস পর সভা আয়োজন করা হবে বলেও জানান।
তিনি বলেন, যুগের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে যুবদের গড়ে তুলতে প্রশিক্ষণ ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে। বর্তমানে ৮৩টি ট্রেডে প্রশিক্ষণ দেওয়া হলেও অপ্রয়োজনীয় ট্রেড বাদ দিয়ে নতুন প্রকল্প নেওয়া হবে। ফ্রিল্যান্সিং, মোবাইল সার্ভিসিং, কেয়ারগিভিং ও থার্ড ল্যাঙ্গুয়েজ প্রশিক্ষণ উপজেলা পর্যায়ে সম্প্রসারণের কাজ চলছে। প্রতিটি উপজেলায় আধুনিক প্রশিক্ষণকেন্দ্র গড়ে তোলার বিষয়টিও পর্যালোচনা করছে মন্ত্রণালয়।
যুবদের জন্য দেওয়া ঋণের অপব্যবহার ও দুর্নীতির বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। ঋণের অর্থ কোনোভাবেই অনিয়মে ব্যবহার করা যাবে না। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের সময়মতো অফিসে আসাসহ শৃঙ্খলাবোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রশিক্ষিত যুবদের সঠিক মূল্যায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে প্রশিক্ষণার্থীদের একটি কেন্দ্রীয় ডাটাবেজ তৈরির কাজ চলছে। যুব উন্নয়ন অধিদপ্তরের সব কার্যক্রমে মাঠপর্যায়ে কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও যুব উন্নয়নের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


