শিরোনাম

South east bank ad

ডিএসসিসির হেরিটেজ রানে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকার আহ্বান

 প্রকাশ: ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

ডিএসসিসির হেরিটেজ রানে পরিচ্ছন্ন ও সবুজ ঢাকার আহ্বান

শনিবার (১৫ আগস্ট) রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক নিদর্শন নাগরিকদের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ‘হেরিটেজ রান’ অনুষ্ঠিত হয়েছে।

আজ সকালে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ মাসব্যাপী উৎসবের অংশ হিসেবে মতিঝিল শাপলা চত্বর থেকে এ র‍্যালি শুরু হয়। এতে এক হাজারের বেশি নাগরিক অংশ নেন। র‍্যালিটি কাকরাইল, রমনা, শাহবাগ, কাটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয়, পলাশী, লালবাগ কেল্লা ও সোয়ারিঘাট হয়ে শেষ হয়। অংশগ্রহণকারীদের পদক ও সনদ দেওয়া হয়।

প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, খেলাধুলার পাশাপাশি দেশের ইতিহাস ও ঐতিহ্য ধরে রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে ঢাকার ইতিহাস ও ঐতিহ্য আরও পরিচিত হবে।

ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকার বাস্তব চিত্র তুলে ধরাই হেরিটেজ রানের অন্যতম উদ্দেশ্য। নগরবাসী ও ব্যবসায়ীরা সহযোগিতা করলে এবং যত্রতত্র ময়লা না ফেললে ঢাকাকে আরও সুন্দর রাখা সম্ভব।

তিনি বলেন, পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। সবাই নিজ নিজ দায়িত্ব পালন করলে ঢাকা আরও সুন্দর হয়ে উঠবে। পুরান ঢাকাকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা, সাইকেল লেন এবং হাঁটা ও দৌড়ের উপযোগী পথ তৈরির পরিকল্পনাও রয়েছে।

‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে আগামী ১৬ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত নাট্যোৎসব, নৌকা বাইচ, হেরিটেজ ক্রুজ, পুরোনো চলচ্চিত্র ও নাটক প্রদর্শন, ঢাকা সেল, শোভাযাত্রা, ঘুড়ি উৎসব, পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হবে।

ডিএসসিসির পক্ষ থেকে নাগরিকদের উৎসব, গর্ব ও দায়িত্ববোধের সঙ্গে ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উদযাপনে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: