শিরোনাম

South east bank ad

তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেবে ইউজিসি

 প্রকাশ: ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন   |   মন্ত্রী

তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেবে ইউজিসি
মঙ্গলবার (৪ আগস্ট) দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে তৃতীয় ভাষা শিক্ষার ক্ষেত্রে চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

আজ ইউজিসি কার্যালয়ে ঢাকাস্থ চীনা দূতাবাস এবং চীনের জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ছয় সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি একটি বিদেশি ভাষা শিক্ষার সুযোগ তৈরি করতে ৩০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ১০টি বিশ্ববিদ্যালয়ে এ ধরনের কেন্দ্র রয়েছে। পর্যায়ক্রমে আরও ২০টি বিশ্ববিদ্যালয়ে ল্যাঙ্গুয়েজ সেন্টার স্থাপন করা হবে এবং আগামী তিন মাসের মধ্যে এ কর্মসূচি শুরু হবে।

তিনি বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতা দ্রুত বাড়ছে। তাই ভাষাগত দক্ষতা অপরিহার্য। এ বাস্তবতায় চীনা ভাষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে, যাতে ভাষা দুই দেশের সহযোগিতার পথে বাধা হয়ে না দাঁড়ায়।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, দেশে চীনা ভাষার দক্ষ শিক্ষক ও প্রশিক্ষকের অভাব রয়েছে। এ ক্ষেত্রে চীনের সহযোগিতায় বাংলাদেশি শিক্ষকদের প্রশিক্ষণ এবং প্রশিক্ষকদের চীনে পাঠিয়ে দক্ষতা উন্নয়নের উদ্যোগ নেওয়া যেতে পারে। পাশাপাশি চীনের বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলা ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নেওয়া হলে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার হবে।

বৈঠকে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন, স্নাতকদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানমুখী শিক্ষা, পাঁচ বছর মেয়াদি উচ্চশিক্ষা রূপান্তর কর্মসূচি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে ইন্টার্নশিপ ও বৃত্তির সুযোগ সম্প্রসারণ এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা খাতে যৌথ সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

চীনা প্রতিনিধিদল জানায়, তাদের গ্লোবাল টিচার্স ট্রেনিং প্রোগ্রাম-এর আওতায় বাংলাদেশের শিক্ষকদের ভাষা দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল চাইনিজ ল্যাঙ্গুয়েজ এডুকেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

বৈঠকে চীনা দূতাবাস ও জিয়াংসি সায়েন্স অ্যান্ড টেকনোলজি নরমাল ইউনিভার্সিটির প্রতিনিধিদের পাশাপাশি ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, সচিব ড. ফখরুল ইসলাম, আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক ড. সুলতান মাহমুদ ভূঁইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: