স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সহকারী মন্ত্রীর বৈঠক
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ–এর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টমস ও বহুসংস্কৃতি বিষয়ক এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী জুলিয়ান হিল এমপির সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে অনিয়মিত অভিবাসন প্রতিরোধ, মানবপাচার দমন, রোহিঙ্গা সংকট, জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম, জনশক্তি রপ্তানি ও সামুদ্রিক নিরাপত্তাসহ দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অস্ট্রেলিয়া বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ উন্নয়ন ও কৌশলগত অংশীদার। পারস্পরিক শ্রদ্ধা ও আঞ্চলিক নিরাপত্তার ভিত্তিতে দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। তিনি জানান, অনিয়মিত অভিবাসন রোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং সম্প্রতি ‘মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ ও দমন আইন-২০২৬’ প্রণয়ন করা হয়েছে।
তিনি আরও বলেন, বালি প্রসেসের আওতায় সহযোগিতা জোরদার এবং গোয়েন্দা তথ্য বিনিময় বাড়ানো প্রয়োজন। পাশাপাশি গত জুনে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকের সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে উভয় দেশ একমত হয়েছে।
রোহিঙ্গা সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনই এ সংকটের একমাত্র স্থায়ী সমাধান। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে অস্ট্রেলিয়ার সক্রিয় ভূমিকা কামনা করেন তিনি।
জুলিয়ান হিল বলেন, বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার জনগণের পারস্পরিক যোগাযোগই দ্বিপাক্ষিক সম্পর্কের মূল ভিত্তি। তিনি বাংলাদেশের নতুন মানবপাচারবিরোধী আইনের প্রশংসা করে এর কার্যকর বাস্তবায়নে কারিগরি ও সমন্বিত সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি সুশৃঙ্খল অভিবাসন ব্যবস্থার জন্য অনিয়মিত অভিবাসীদের দ্রুত প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


