সুস্থ সমাজ গঠনে তরুণদের নেতৃত্ব দিতে হবে: যুব প্রতিমন্ত্রী
মঙ্গলবার (৪ আগস্ট) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেছেন, একটি শান্তিপূর্ণ, সুস্থ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। খেলাধুলার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আজ সকালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আয়োজিত ‘টাইগার রান ২০২৬’ মিনি ম্যারাথনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব শুধু প্রশাসনের নয়, রাষ্ট্র ও সমাজের প্রতিও প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন ও দায়িত্বশীল থাকতে হবে।
তিনি বলেন, সকালে দৌড়ে অংশ নেওয়া তরুণদের মধ্যেই দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন ও দায়বদ্ধতা রয়েছে। তাদের হাত ধরেই একটি সুস্থ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে তোলা সম্ভব।
আমিনুল হক বলেন, ‘টাইগার রান’ শুধু একটি দৌড় নয়; এটি বন্যপ্রাণী সংরক্ষণ, সুন্দরবনের জীববৈচিত্র্য এবং পরিবেশ সম্পর্কে তরুণদের সচেতন করার একটি কার্যকর উদ্যোগ। এ ধরনের আয়োজন দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ছড়িয়ে দেওয়া উচিত।
তিনি আরও বলেন, সরকার শিক্ষিত বেকারত্ব কমাতে প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও বিভিন্ন সামাজিক সংগঠনের সম্পৃক্ততার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের কোনো শিক্ষিত তরুণ-তরুণী যেন বেকার না থাকে, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।
প্রতিমন্ত্রী বন্যপ্রাণী সংরক্ষণ এবং মানুষ ও প্রকৃতির সহাবস্থান নিশ্চিত করতে সব প্রাণীর প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল আচরণ গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া অবকাঠামো উন্নয়নের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাব পেলে তা বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস দেন এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।


