আহত-নিহতদের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আহত ও নিহতদের ঘটনায় আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য বিচার নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৫ আগস্ট) সকালে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী জানান, গত ১৭ বছর এবং জুলাই আন্দোলনে শহীদ ও গুমের শিকার ব্যক্তিদের নামে নিজ নিজ এলাকায় একটি করে প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। তিনি বলেন, জুলাই স্মৃতি জাদুঘর শুধু ২০২৪ সালের গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস সংরক্ষণ করবে।
তিনি আরও বলেন, জাদুঘরে শহীদদের জীবনকথা, আহতদের সাক্ষ্য, আলোকচিত্র, ভিডিও, দলিল ও অন্যান্য ঐতিহাসিক উপাদান সংরক্ষণ করা হবে। একই সঙ্গে ইতিহাস উপস্থাপনে নির্ভুলতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে ৫০ জন জুলাই যোদ্ধা বিদেশে চিকিৎসাধীন রয়েছেন এবং সরকারি গেজেটভুক্ত ১৩ হাজারের বেশি জুলাই যোদ্ধা নিয়মিত মাসিক সম্মানী পাচ্ছেন। এছাড়া শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে সরকার জুলাই সনদ ও ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে।


