পরিবর্তনের দাবিতে বারবার প্রাণ দিয়েছে দেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
বৃহস্পতিবার (৩০ জুলাই) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের ইতিহাসে জনগণ যখনই পরিবর্তনের দাবি তুলেছে, তখনই তাদের প্রাণ দিতে হয়েছে। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান—সব পরিবর্তনের পেছনেই রয়েছে মানুষের আত্মত্যাগ।
আজ রাজধানীর তথ্য ভবন মিলনায়তনে জুলাই শহীদ দিবস উপলক্ষে প্রকাশনার মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে হলে গণতান্ত্রিক, বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে হবে। একই সঙ্গে প্রশাসনকে আরও জনমুখী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান তিনি।
সভাপতির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেওয়া যাবে না। ন্যায়, গণতন্ত্র ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।


