শিরোনাম

South east bank ad

শূন্য বয়স থেকেই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

 প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন   |   মন্ত্রী

শূন্য বয়স থেকেই শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় উদ্যোগ নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

শুধু ওষুধ ও চিকিৎসার ওপর নির্ভর করে একটি জাতিকে রোগমুক্ত রাখা সম্ভব নয়। রোগ হওয়ার পর চিকিৎসার পাশাপাশি রোগ প্রতিরোধে আরও বেশি গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই)  রাজধানীর মহাখালীতে জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) আয়োজিত ২০২৫ ২৬ অর্থবছরের রাজস্বখাতের গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্যব্যবস্থার লক্ষ্য শুধু রোগীকে চিকিৎসা দেওয়া হওয়া উচিত নয়। জন্মের পর থেকেই মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা প্রয়োজন। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে শূন্য বয়স থেকেই কার্যকর ও উদ্ভাবনী স্বাস্থ্য উদ্যোগ নিতে হবে।

তিনি বলেন, রোগ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে অনেক জটিল রোগের ঝুঁকি আগেই কমিয়ে আনা সম্ভব। এ জন্য চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণকে গুরুত্ব দিতে হবে।

দেশে ক্যান্সার ও কিডনি রোগীর সংখ্যা বাড়ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব রোগে আক্রান্তদের দীর্ঘদিন চিকিৎসা নিতে হয় এবং নানা ধরনের ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। তাই রোগ হওয়ার পর চিকিৎসার চেয়ে রোগের ঝুঁকি কমানো এবং শুরুতেই শনাক্ত করার বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

চিকিৎসকদের মানবিক আচরণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোগীর সঙ্গে চিকিৎসকের আন্তরিক ব্যবহারও চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। একজন চিকিৎসকের হাসিমুখ, সহমর্মিতা ও সঠিক পরামর্শ রোগীকে মানসিকভাবে শক্তি জোগাতে পারে। তাই চিকিৎসকদের ওষুধ দেওয়ার পাশাপাশি মানবিক আচরণের মাধ্যমেও রোগীর পাশে দাঁড়াতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশের স্বাস্থ্যসেবা আরও বিস্তৃত করতে শিগগিরই দেশব্যাপী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে প্রাথমিক স্বাস্থ্য ইউনিট স্থাপন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০০ শয্যায় উন্নীত করা এবং মা ও নবজাতকের সমন্বিত স্বাস্থ্যসেবা শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিশুদের হামে আক্রান্ত হয়ে মৃত্যুর বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, অপুষ্টি ও পর্যাপ্ত মাতৃদুগ্ধের অভাবে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে। জন্মের পরপরই শালদুধ খাওয়ানো, পর্যাপ্ত মাতৃদুগ্ধ নিশ্চিত করা এবং সুষম খাবারের বিষয়ে পরিবারগুলোকে সচেতন করতে হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এম. এম. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্য খাতে দক্ষ গবেষক তৈরিতে নিপসম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রোগ প্রতিরোধভিত্তিক স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করার পাশাপাশি হেলথ কার্ডের সঙ্গে কার্যকর রোগী রেফারেল ব্যবস্থা সমন্বয়ের ওপর গুরুত্ব দেন তিনি।

নিপসমের পরিচালক অধ্যাপক ডা. নাসরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: