হাসপাতালে দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী
বুধবার (২৯ জুলাই) সরকারি হাসপাতাল থেকে রোগীকে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
আজ ‘বাংলাদেশের জনস্বাস্থ্য ব্যবস্থার ঘাটতি নিরসন’ শীর্ষক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি হাসপাতালে টেস্ট বাণিজ্য, কমিশনভিত্তিক রোগী পাঠানো এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার এবং প্রতিটি জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস কেন্দ্র চালু করা হবে। পাশাপাশি একটি বিদেশি প্রতিষ্ঠানের ডায়ালাইসিস সেবার চুক্তি নবায়ন না করে সরকারি উদ্যোগে মেশিন কেনার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে পরীক্ষামূলকভাবে ১০টি উপজেলা ও ৯০টি ওয়ার্ডে স্বাস্থ্যকর্মীদের এআই-সমৃদ্ধ কিট, স্মার্টফোন ও সাইকেল দেওয়া হবে। তারা বাড়ি বাড়ি গিয়ে ডায়াবেটিস, রক্তচাপসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করবেন।
এ ছাড়া অপ্রয়োজনীয় কেনাকাটা, টেন্ডার অনিয়ম, অডিটে ঘুষ এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান অপারেশনের বিরুদ্ধে কঠোর নজরদারির ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী।


