শিরোনাম

South east bank ad

সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, আধুনিকায়নে নতুন সম্ভাবনার কথা জানালেন প্রতিমন্ত্রী

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:২০ অপরাহ্ন   |   মন্ত্রী

সিরাজগঞ্জে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন, আধুনিকায়নে নতুন সম্ভাবনার কথা জানালেন প্রতিমন্ত্রী
সিরাজগঞ্জে বাংলাদেশ তাঁত বোর্ডের নির্মিত তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও বেসিক সেন্টারের উদ্বোধন করা হয়েছে। বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, এই কেন্দ্র দেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্পের দক্ষতা উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং নতুন উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শনিবার (১৮ জুলাই) সিরাজগঞ্জ সদর উপজেলায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কেন্দ্রটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে ইকবাল হাসান মাহমুদ বলেন, সিরাজগঞ্জের তাঁতশিল্পের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র তাঁতিদের দক্ষতা বৃদ্ধি, ক্ষুদ্র উদ্যোক্তা থেকে বড় ব্যবসায়ী হিসেবে গড়ে ওঠা এবং স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেন, সিরাজগঞ্জ দেশের তাঁতশিল্পের অন্যতম প্রাণকেন্দ্র। এ অঞ্চলের প্রায় ৫০ হাজার তাঁতি এবং লক্ষাধিক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ শিল্পের সঙ্গে যুক্ত। নতুন প্রশিক্ষণ কেন্দ্রটি শুধু একটি অবকাঠামো নয়, বরং দক্ষ মানবসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির বিস্তার, উদ্ভাবনী নকশা এবং নতুন উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

তিনি জানান, সিরাজগঞ্জের লুঙ্গি ও গামছা ইতোমধ্যে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি পেয়েছে। এখন পণ্যের গুণগত মান উন্নয়ন, আধুনিক নকশা, শক্তিশালী ব্র্যান্ডিং এবং আন্তর্জাতিক বাজারে অবস্থান সুদৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। জামদানি, টাঙ্গাইলের শাড়ি, শাহজাদপুরের শাড়ি ও সিরাজগঞ্জের গামছাসহ দেশের ঐতিহ্যবাহী তাঁতপণ্য বাংলাদেশের পরিচয় বহন করছে বলেও তিনি উল্লেখ করেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, তাঁতিদের জন্য ৪ শতাংশ সুদে সহজ শর্তে ঋণ সহায়তা দেওয়া হচ্ছে। আধুনিক যন্ত্রপাতি ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কারিগর ও উদ্যোক্তা তৈরি এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন করে প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

অনুষ্ঠানে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরীফ উদ্দিন আহমদ চৌধুরী, বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান, সিরাজগঞ্জের জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং চেম্বার অব কমার্সের সভাপতি উপস্থিত ছিলেন।



BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: