জলবায়ু-সহনশীল নগরায়ণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত
শুক্রবার (১৬ জুলাই) জাতিসংঘে অনুষ্ঠিত নিউ আরবান এজেন্ডার মধ্যমেয়াদি পর্যালোচনা বিষয়ক উচ্চপর্যায়ের বৈঠকে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর অন্তর্ভুক্তিমূলক, সাশ্রয়ী, জলবায়ু-সহনশীল ও টেকসই নগর উন্নয়নে বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে বাংলাদেশের পক্ষে বক্তব্য দিতে গিয়ে প্রতিমন্ত্রী বলেন, পরিকল্পিত নগরায়ণ, সাশ্রয়ী আবাসন এবং সুষম আঞ্চলিক উন্নয়ন সরকারের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান ভিত্তি। বাংলাদেশ নগরায়ণকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সামাজিক অন্তর্ভুক্তি ও জলবায়ু সহনশীলতা জোরদারের গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে বিবেচনা করে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির আওতায় সরকার সাশ্রয়ী আবাসনের সম্প্রসারণ, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে শক্তিশালী করা এবং টেকসই নগর অবকাঠামো উন্নয়নে অগ্রাধিকার দিচ্ছে। এসব উদ্যোগ নিউ আরবান এজেন্ডা ও টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে সহায়ক হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, সমন্বিত স্থানিক পরিকল্পনা, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা, উদ্ভাবনী নগর অর্থায়ন, সুষম আঞ্চলিক উন্নয়ন এবং জলবায়ু-সহনশীল নগর অবকাঠামো নির্মাণকে ভবিষ্যৎমুখী নগর উন্নয়ন কৌশলের অংশ হিসেবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করে তিনি টেকসই নগরায়ণ ত্বরান্বিত করতে বৈশ্বিক অংশীদারিত্ব, প্রযুক্তি হস্তান্তর, সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জানান। তিনি বলেন, এমন নগর গড়ে তুলতে হবে যেখানে কোনো মানুষ এবং কোনো অঞ্চল পিছিয়ে থাকবে না।


