শহীদ আহাদ-সুমনের আত্মত্যাগ জাতি চিরকাল স্মরণ রাখবে: সংস্কৃতি মন্ত্রী
বৃহস্পতিবার (১৬ জুলাই) সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ আহাদ আলী ও সুমনের আত্মত্যাগের বিনিময়েই বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথ তৈরি হয়েছে। তাঁদের আত্মত্যাগ বাঙালি জাতি চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ রাখবে।
আজ মাগুরার মহম্মদপুরে ‘জুলাই শহীদ দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি রসূলপুরে শহীদ আহাদ আলী ও সুমনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণে সরকার দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন হয়েছে এবং দেশের প্রতিটি উপজেলায় তা পালিত হচ্ছে।
তিনি বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের কল্যাণে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যে কর ছাড়, নারী সদস্যদের নামে ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর মাধ্যমে জনসেবামূলক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।
ধর্মীয় সম্প্রীতি ও কর্মসংস্থানের বিষয়ে মন্ত্রী জানান, বিভিন্ন ধর্মীয় নেতাদের মাসিক ভাতার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে কর্মসংস্থান ও রেমিট্যান্স বৃদ্ধিতে সরকার বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা জোরদার করছে।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


