শিরোনাম

South east bank ad

নকলমুক্ত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন   |   মন্ত্রী

নকলমুক্ত শিক্ষা নিশ্চিতে সরকার আপসহীন: স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার (১৬ জুলাই)  নকলমুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকার আপসহীন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শিক্ষার মান পুনরুদ্ধারে সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা গ্রহণ নিশ্চিত করা হবে এবং অতীতের ‘অটো পাস’ বা ঢালাও নম্বর বাড়ানোর সংস্কৃতিতে আর ফিরে যাওয়া হবে না।

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, শিক্ষার মান ক্ষুণ্ন হয়—এমন কোনো অপসংস্কৃতিকে প্রশ্রয় দেওয়া হবে না। কিছু এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনের আড়ালে সরকারকে বিব্রত করার অপচেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী জানান, দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হয়েছে। পদার্থবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রের ত্রুটি তদন্তে কমিটি গঠন করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় নম্বর সমন্বয়ের ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে তিনি বলেন, ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতে একজন এবং ভারতে তিনজনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের প্রত্যর্পণের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের তালিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ও গণকবর অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের পরিচয় শনাক্তের কাজ চলছে। ইতোমধ্যে শহীদ ও আহত ১৫ হাজারের বেশি ব্যক্তির গেজেট ও তালিকা প্রস্তুত করা হয়েছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, বর্ষাকাল বিবেচনায় সেপ্টেম্বর-অক্টোবরে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করে ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি চূড়ান্ত করা হবে।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: