সাংহাইয়ে WAIC ২০২৬-এ যোগ দিলেন আইসিটি মন্ত্রী
শুক্রবার (১৭ জুলাই) চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত চার দিনব্যাপী ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কনফারেন্স (WAIC) ২০২৬-এ অংশগ্রহণ করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ শুরু হওয়া এ সম্মেলনের উদ্বোধন করেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের রাষ্ট্রপতি, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। তারা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দায়িত্বশীল ব্যবহার ও বৈশ্বিক এআই গভর্ন্যান্সে আন্তর্জাতিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চলা এই সম্মেলনে এআইয়ের ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও টেকসই উন্নয়ন নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি বিশেষজ্ঞ, গবেষক ও শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।
সম্মেলনে মন্ত্রী ফকির মাহবুব আনাম উচ্চপর্যায়ের অধিবেশন ও দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিয়ে বাংলাদেশের ডিজিটাল রূপান্তর, এআইভিত্তিক উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে সরকারের অগ্রগতি তুলে ধরবেন। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত প্রযুক্তি, গবেষণা, বিনিয়োগ ও সক্ষমতা বৃদ্ধিতে আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণের বিষয়েও আলোচনা করবেন।
সরকারের মতে, WAIC ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণ একটি জ্ঞানভিত্তিক, উদ্ভাবননির্ভর ও ডিজিটালভাবে সক্ষম বাংলাদেশ গড়ার লক্ষ্যে এআই ও উদীয়মান প্রযুক্তির ব্যবহারে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।


