মানবকেন্দ্রিক জাতীয় এআই নীতি প্রণয়ন করছে বাংলাদেশ: আইসিটি মন্ত্রী
শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মানবাধিকার, নৈতিকতা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নকে ভিত্তি করে একটি আধুনিক, নিরাপদ ও দায়িত্বশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শাসনব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে বাংলাদেশ বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
আজ চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত World Artificial Intelligence Conference (WAIC) 2026-এর High-Level Meeting on Global AI Governance-এ বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার দেশের ডিজিটাল নীতি ও আইনকে সময়োপযোগীভাবে সংস্কার করছে, যাতে এআই প্রযুক্তির সম্ভাবনাকে জনগণের কল্যাণে কাজে লাগানোর পাশাপাশি এর ঝুঁকি মোকাবিলায় কার্যকর শাসনব্যবস্থা নিশ্চিত করা যায়।
তিনি জানান, জাতীয় এআই নীতি প্রণয়নের পাশাপাশি ব্যক্তিগত তথ্য সুরক্ষা, সাইবার নিরাপত্তা জোরদার, সরকারি খাতে এআই ব্যবহারের নীতিমালা প্রণয়ন, দায়িত্বশীল তথ্য ব্যবস্থাপনা, এআইভিত্তিক শিক্ষা সম্প্রসারণ এবং দেশের বিভিন্ন অঞ্চলে AI Centre of Excellence প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৈশ্বিক এআই শাসনব্যবস্থার জন্য নিরাপত্তা, সমতা, অভিযোজন সক্ষমতা এবং আন্তর্জাতিক সহযোগিতাকে চারটি মৌলিক অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে ফকির মাহবুব আনাম বলেন, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি স্থানান্তর, সক্ষমতা বৃদ্ধি, তথ্যের সার্বভৌমত্ব এবং ন্যায্য প্রযুক্তি প্রবেশাধিকার নিশ্চিত করতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ যেন শুধু প্রযুক্তিগত উৎকর্ষের নয়, মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও অন্তর্ভুক্তির প্রতিফলন হয়—সেই লক্ষ্যেই বাংলাদেশ বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান জানায়।
'AI Partnership for a Brighter Future' প্রতিপাদ্যে অনুষ্ঠিত এ বৈঠকে টেকসই উন্নয়ন, সমষ্টিগত নিরাপত্তা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন এবং বৈশ্বিক এআই শাসনব্যবস্থা শক্তিশালী করতে কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার নিয়ে আলোচনা হয়। সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধান, মন্ত্রী, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি, শিল্পখাতের নেতা ও শিক্ষাবিদরা অংশ নেন।
চার দিনব্যাপী WAIC ২০২৬ সম্মেলনটি ১৭ থেকে ২০ জুলাই পর্যন্ত চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হচ্ছে।


