শিরোনাম

South east bank ad

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের

 প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন   |   অন্যান্য

সমাজের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ বাড়ানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের
শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেছেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে সমাজের বাস্তব চাহিদার সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত হতে হবে। উচ্চশিক্ষা কেবল সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে গবেষণা, উদ্ভাবন ও জ্ঞান প্রয়োগের মাধ্যমে জাতীয় ও স্থানীয় সমস্যার সমাধানে ভূমিকা রাখতে হবে।

আজ নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন বিশ্ববিদ্যালয়গুলোকে শুরু থেকেই সমাজমুখী, গবেষণানির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষা এমনভাবে পরিচালিত হওয়া উচিত, যাতে শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করে কর্মক্ষেত্র ও সমাজে কার্যকর অবদান রাখতে পারে।

ইউজিসি চেয়ারম্যান জানান, কমিশন উচ্চশিক্ষাকে পাঠদাননির্ভর ধারা থেকে গবেষণাকেন্দ্রিক ব্যবস্থায় রূপান্তর এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে কাজ করছে। তিনি নওগাঁ বিশ্ববিদ্যালয়ের যাত্রাকে উত্তরাঞ্চলের উচ্চশিক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।

এর আগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে নামফলক উন্মোচনের মাধ্যমে শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, শিক্ষা সচিব আব্দুল খালেক, ইউজিসি সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হাছানাত আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।





BBS cable ad