জলবায়ু মোকাবিলায় নারীর ক্ষমতায়ন অপরিহার্য: জাহিদ হোসেন
রবিবার (২৮ জুন) জলবায়ু-স্থিতিস্থাপক সমাজ গঠনে নারীর ক্ষমতায়নকে জাতীয় অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন।
আজ রাজধানীর তেজগাঁওয়ে ‘Empower Women for Climate-Resilient Societies (Phase II)’ প্রকল্পের জাতীয় অভিজ্ঞতা ভাগাভাগি ও সম্প্রসারণ কর্মশালায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নারীর অংশগ্রহণ ও নেতৃত্ব নিশ্চিত করা ছাড়া টেকসই অভিযোজন সম্ভব নয়। বর্তমান সরকার সামাজিক সুরক্ষা, দক্ষতা উন্নয়ন এবং জলবায়ু অভিযোজন কর্মসূচিতে নারীদের অগ্রাধিকার দিচ্ছে। তিনি জানান, ‘Empower’ প্রকল্পের সফল অভিজ্ঞতা সারা দেশে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া উচিত।
তিনি আরও বলেন, বন্যা, ঘূর্ণিঝড়, লবণাক্ততা ও খরাসহ বিভিন্ন দুর্যোগে গ্রামীণ নারীরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন। তাই জাতীয় নীতি প্রণয়ন থেকে তৃণমূল বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি স্তরে নারীর কণ্ঠস্বর নিশ্চিত করা এবং জলবায়ু পরিকল্পনায় জেন্ডার-সংবেদনশীল দৃষ্টিভঙ্গি অন্তর্ভুক্ত করা জরুরি। কর্মশালায় বিভিন্ন জেলার প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা তুলে ধরা হয় এবং সফল মডেলগুলো দেশব্যাপী সম্প্রসারণের সুপারিশ করা হয়।


