বনানীতে ডেঙ্গু অভিযানে লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার (২৬ জুন) রাজধানীর বনানীর ১৮, ২১ ও ২৪ নম্বর সড়কে এডিস মশার লার্ভা অনুসন্ধান ও ধ্বংসে জাতীয় টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি নির্মাণাধীন ভবনে লার্ভা পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সিটি করপোরেশনের উদ্যোগ যথেষ্ট নয়; নাগরিকদেরও বাড়ির ছাদ, আঙিনা, ফুলের টব, পুরোনো টায়ার ও অন্যান্য পাত্রে তিন দিনের বেশি পানি জমতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে। তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক ও ওয়ার্ড কার্যালয় থেকে বিনামূল্যে লার্ভা ধ্বংসকারী ট্যাবলেট সংগ্রহ করা যাবে।
অভিযান শেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী জানান, টানা তিন দিনের অভিযানে বনানী এলাকার প্রায় ৫০ শতাংশ বাসাবাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। বর্ষা মৌসুমে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির আওতায় প্রতিদিন পরিচ্ছন্নতা অভিযান, ওষুধ ছিটানো এবং লার্ভা ধ্বংস কার্যক্রম পরিচালিত হচ্ছে।
অভিযানের অংশ হিসেবে স্থানীয়দের মধ্যে লিফলেট, স্টিকার বিতরণ ও মাইকিংয়ের মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার চালানো হয়।


