সীমান্তে কাউকে অবৈধ পুশ-ইন হতে দেওয়া হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
শুক্রবার (২৬ জুন) বিজিবির কঠোর নজরদারির কারণে দেশের সীমান্তে একজনকেও অবৈধভাবে পুশ-ইন হতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো যাচাই-বাছাই ছাড়া সীমান্তে কাউকে পুশ-ইন করা আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য প্রক্রিয়া নয়। ভারতের কাছে বাংলাদেশি নাগরিকদের তালিকা থাকলে কূটনৈতিক মাধ্যমে তা পাঠানো হলে জাতীয়তা যাচাই শেষে আইনি প্রক্রিয়ায় তাদের ফিরিয়ে নেওয়া হবে।
তিনি আরও বলেন, ভারতের পশ্চিমবঙ্গে ১০ হাজার মানুষকে পুশব্যাকের যে দাবি করা হয়েছে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে কোনো দালিলিক তথ্য নেই। বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় থেকে যেকোনো ধরনের পুশ-ইনের চেষ্টা প্রতিহত করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শহীদ ওসমান হাদী হত্যা মামলার তিন প্রধান আসামিকে ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনতে দুই দেশের অপরাধী প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে।
এ ছাড়া সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদকে ফেরাতে প্রয়োজনীয় নথি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে এবং তাদের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ সরকার।


