মাদকবিরোধী দিবসে যুব পদযাত্রা
শুক্রবার (২৬ জুন) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে রাজধানীতে যুব পদযাত্রা ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল সোসাইটি অব সাব্সটেন্স ইউজ প্রোফেশনালস (আইস্যাপ) বাংলাদেশ চ্যাপটার এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের যৌথ উদ্যোগে শুক্রবার এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ সকাল ৮টায় রমনা পার্কের স্টার গেট থেকে শুরু হওয়া পদযাত্রাটি ওসমান গণি সড়ক হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল গেটে গিয়ে শেষ হয়। এতে শতাধিক তরুণ-তরুণী অংশ নেন।
অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠন, তরুণদের মাদকাসক্তি থেকে সুরক্ষা এবং প্রমাণভিত্তিক মাদক প্রতিরোধ কর্মসূচি সম্প্রসারণের দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। তারা পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সম্প্রদায় ও সরকারের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
পদযাত্রা শেষে অংশগ্রহণকারীরা ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় যোগ দেন। সেখানে বক্তারা মাদক প্রতিরোধে বৈজ্ঞানিক ও প্রমাণভিত্তিক উদ্যোগ এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।
এ উপলক্ষে আইস্যাপ বাংলাদেশ চ্যাপটার ও ঢাকা আহ্ছানিয়া মিশন টি-শার্ট, ক্যাপ ও শিক্ষামূলক লিফলেটসহ বিভিন্ন সচেতনতামূলক উপকরণ বিতরণ করে।


