শুরু হলো ফিনিক্স সামিট ২০২৬
শুক্রবার (২৬ জুন) বাংলাদেশের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও ডিজিটাল রিজাইলেন্স জোরদারের লক্ষ্যে পাঁচ দিনব্যাপী ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর মূল সম্মেলন শুরু হয়েছে। ‘ক্লোজিং দ্য সাইবার গ্যাপ ইন ইমার্জিং ইকোনোমিস’ প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) সম্মেলনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারি নীতিনির্ধারক, সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, প্রযুক্তি গবেষক, শিল্পখাতের প্রতিনিধি ও দেশ-বিদেশের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। আয়োজকদের আশা, পাঁচ দিনব্যাপী এ সামিটে ১০ হাজারের বেশি অংশগ্রহণকারী যুক্ত হবেন।
প্রতিমন্ত্রী বলেন, সাইবার নিরাপত্তা খাতে সরকারের নানা পরিকল্পনা রয়েছে, যা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। তিনি এ ধরনের উদ্যোগকে দেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য ইতিবাচক বলে উল্লেখ করেন।
আয়োজক দ্য টিম ফিনিক্স গ্রুপের ফাউন্ডার ও চিফ অব রিসার্চ এএসএম শামীম রেজা বলেন, সরকার, শিল্পখাত, একাডেমিয়া ও সাইবার নিরাপত্তা পেশাজীবীদের একই প্ল্যাটফর্মে এনে দেশের সাইবার সক্ষমতা আরও শক্তিশালী করাই এ আয়োজনের লক্ষ্য।
সম্মেলনের প্রথম দিনে সাইবার নিরাপত্তা, ডিজিটাল রিজাইলেন্স, জাতীয় অবকাঠামো সুরক্ষা এবং বৈশ্বিক সাইবার হুমকি মোকাবিলা নিয়ে একাধিক বিশেষজ্ঞ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ জুন সামিটের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।


