বগুড়ায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬” উদ্বোধন
আজ ১২ সেপ্টেম্বর, ২০২৬ ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান, ২০২৬” এর উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
কেন্দ্রীয় এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বগুড়া জেলা প্রান্ত থেকে যুক্ত ছিলেন জনাব রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য (বগুড়া-৬); জনাব মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, বগুড়া; জনাব এম.আর.ইসলাম স্বাধীন, প্রশাসক, বগুড়া সিটি কর্পোরেশন; জনাব মির্জা সায়েম আহমেদ পিপিএম, পুলিশ সুপার, বগুড়া; বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্বেচ্ছাসেবক প্রতিষ্ঠানের সদস্যবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় শহরের চারমাথা এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। মশার সম্ভাব্য উৎপত্তিস্থল ধ্বংস ও আবর্জনা অপসারণের মাধ্যমে শুরু হওয়া এই অভিযান সফল করতে এবং ডেঙ্গুমুক্ত সুস্থ সমাজ গড়তে সকলের সম্মিলিত সচেতনতা ও সহযোগিতা একান্ত কাম্য।


