শিরোনাম

South east bank ad

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ

 প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন   |   মন্ত্রী

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা চান ববি হাজ্জাজ
প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের শিখনঘাটতি দূরীকরণ এবং শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিতে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও কার্যকরভাবে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জ্যঁ পেসমের নেতৃত্বে প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারের লক্ষ্য শুধু বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন নয়, বরং প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এবং প্রত্যাশিত শিখনফল অর্জন করা। এ লক্ষ্য বাস্তবায়নে চলমান পিইডিপি-৫-এর কার্যক্রম আরও সুনির্দিষ্ট, সমন্বিত ও ফলাফলভিত্তিক করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, একই ধরনের কার্যক্রম একাধিক প্রকল্পে বিভক্ত না রেখে সমন্বিতভাবে বাস্তবায়ন এবং প্রতিটি প্রকল্পের লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো ও জবাবদিহিতা নিশ্চিত করা প্রয়োজন।

ববি হাজ্জাজ আরও বলেন, সরকারি-বেসরকারি সব ধারার শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য অভিন্ন মানদণ্ডে মূল্যায়ন ও মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা জরুরি। পাশাপাশি শিক্ষার্থীদের শিখন অগ্রগতি নিয়মিত মূল্যায়ন, পিছিয়ে থাকা শিক্ষার্থীদের প্রয়োজনভিত্তিক সহায়তা এবং শিক্ষকদের ধারাবাহিক পেশাগত উন্নয়নে সরকার কাজ করছে। এ ক্ষেত্রে বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বব্যাংকের আন্তর্জাতিক অভিজ্ঞতা ও গবেষণা কাজে লাগানোর আহ্বান জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি শিক্ষার গুণগত মান, সমতা ও শিখনফল উন্নয়নে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কার্যকর পাঠদান, কাঠামোবদ্ধ শিক্ষকতা পদ্ধতি, শিখনঘাটতি পূরণে প্রতিকারমূলক শিক্ষা এবং প্রাক-প্রাথমিক শিক্ষার মানোন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

শিক্ষার্থীদের শিখনফল উন্নয়নে আন্তর্জাতিক গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে কার্যকর এবং ব্যয়সাশ্রয়ী উদ্যোগ বাস্তবায়নে বাংলাদেশকে সহযোগিতা করতে বিশ্বব্যাংক আগ্রহী বলেও জানান প্রতিনিধিদলের সদস্যরা।

বৈঠকে প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক বিশেষ সহকারী গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব মো. দাউদ মিয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এতে অংশ নেন।

BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: