নালিতাবাড়ীতে “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর উদ্বোধনী র্যালি ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাদককে না বলুন, জীবনকে হ্যাঁ বলুন
তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে আজ (০১/০৮/ ২০২৬ খ্রি.) নালিতাবাড়ীতে অনুষ্ঠিত হলো “মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্ট ২০২৬”-এর উদ্বোধনী র্যালি ও পরবর্তীতে ফুটবল ম্যাচ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জনাব সাইফুল ইসলাম কমল এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: আব্দুল মালেক।
খেলাধুলা যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে সহায়তা করে এবং মাদকের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া কার্যক্রমকে মাদকবিরোধী সচেতনতা তৈরির কার্যকর মাধ্যম হিসেবে বিশ্বব্যাপী ব্যবহার করা হচ্ছে।
সামিউল হক স্পোর্টস একাডেমি আয়োজিত এবং উপজেলা প্রশাসন, নালিতাবাড়ী, শেরপুর-এর সহযোগিতায় আয়োজিত এ টুর্নামেন্টে স্থানীয় ক্রীড়াপ্রেমী তরুণ, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
আসুন, খেলাধুলার মাধ্যমে গড়ে তুলি মাদকমুক্ত, সুস্থ ও সম্ভাবনাময় আগামী।


