শিরোনাম

South east bank ad

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করে পুলিশে সোপর্দ

 প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন   |   দেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ কর্মকর্তাকে মারধর করে পুলিশে সোপর্দ
দপ্তরে কর্মরত থাকা অবস্থায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) পাঁচ কর্মকর্তাকে মারধর করে প্রক্টরের অফিসে নেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
ওই কর্মকর্তাদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ করেছেন ছাত্রদল নেতারা।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর থেকে এসব কর্মকর্তাকে আটক করা হয়।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, এ ঘটনার পর পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগপন্থী শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা বিভিন্ন কৌশলে ক্যাম্পাস ছেড়ে চলে যান।

পুলিশে সোপর্দ করা পাঁচ কর্মকর্তা হলেন- বিশ্ববিদ্যালয়ের অর্থদপ্তরের অতিরিক্ত পরিচালক সুব্রত কুমার বাহাদুর, অর্থদপ্তরের উপ-পরিচালক আতিকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবু হাচান, অর্থ দপ্তরের সহকারী পরিচালক মোজাম্মেল হক ও রেজিস্ট্রার দপ্তরের অফিস সহায়ক আরিফ হোসেন।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছাত্রদলের আটক অভিযানের ভিডিওতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের উপ-প্রধান প্রকৌশলী মুর্শিদ আবেদিনের কক্ষে ঢুকে তাকে টেনে-হিঁচড়ে প্রক্টর অফিসে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে অজ্ঞাত কারণে তাকে ছেড়ে দেওয়া হয় বলে ক্যাম্পাস সূত্রে জানা গেছে। একই সময়ে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্তার অভিযোগে ইতিহাস বিভাগের এক ছাত্রকে মারধর করা হয়।

এরপর ওই ৫ জন কর্মকর্তাকে প্রক্টরের দপ্তরের মধ্যে আটকে রাখা হয়। পরবর্তীতে বন্দর থানা পুলিশকে খবর দিয়ে তাকে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটকের সময় ওই কর্মকর্তারা জানান, তাদের অফিস থেকে মারধর করে তুলে নিয়ে প্রক্টর অফিসে আটক রাখা হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে মারধরের পাশাপাশি তাদের চশমা ভেঙে ফেলা হয় এবং শার্ট ছিঁড়ে ফেলা হয়েছে।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, এসব কর্মকর্তাদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতা রয়েছে।
BBS cable ad