শিরোনাম

South east bank ad

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে সাবেক কনস্টেবলের মৃত্যু

 প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন   |   দেশ

ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে সাবেক কনস্টেবলের মৃত্যু

লক্ষ্মীপুরে ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফ দিয়ে অবসরপ্রাপ্ত ট্রাফিক পুলিশ কনস্টেবল নাছির আহমদের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকালে লক্ষ্মীপুর পৌর শহরের বাঞ্চানগর এলাকার পেশকার বাড়িতে এ ঘটনা ঘটে।

নাছির ঘুমন্ত অবস্থায় তার ছেলে কলেজছাত্র ইমরান আহমেদ কুপিয়ে আহত করেন। একপর্যায়ে তিনি নগ্ন অবস্থায় বাসা থেকে বের হলে প্রতিবেশী মিজানুর রহমান স্বপন তাকে লুঙ্গি পরিয়ে দিতে যান।
এসময় স্বপনকেও কুপিয়ে আহত করেন। তাদেরকে রক্ষা করতে গেলে নাছির নামের আরও একজনকে কুপিয়ে আহত করেন।

আহত স্বপন বাঞ্চানগর এলাকার পেশকার বাড়ির মৃত গোলাম রহমানের ছেলে ও আহত নাছির এই বাড়িতে ভাড়া থাকেন। তার বাবার নাম আব্দুল মান্নান।

নিহত কনস্টেবল নাছির চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পূর্ব এখলাসপুর গ্রামের আরশাদ আলীর ছেলে। সপরিবারে তিনি প্রায় ৭ বছর ধরে ঘটনাস্থলে ভাড়া বাসায় থাকেন।

আহতদের স্বজন ও স্থানীয়রা জানান, নাছির ট্রাফিক পুলিশ কনস্টেবল ছিলেন। গেল বছর আগস্টে তিনি চাকরি থেকে অবসরে যান।
তার বড় ছেলে প্রতিবন্ধী। বড় ছেলেকে নিয়ে নাছিরের স্ত্রী বেড়াতে যান। গত রাতে ছোট ছেলে লক্ষ্মীপুর সরকারি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ইমরান ও তার বাবা বাসায় ছিলেন। এরমধ্যে নাছির অসুস্থ হয়ে পড়েন। রাতে ছেলে তাকে ওষুধ এনে খাইয়েছে।
সকালে ঘুমন্ত অবস্থায় ইমরানকে দা দিয়ে এলোপাতাড়ি কোপায় নাছির। একপর্যায়ে ইমরান রক্তাক্ত অবস্থায় বাসা থেকে বের হয়ে আসলে প্রতিবেশী স্বপন তাকে লুঙ্গি পরিয়ে দিতে যায়। এসময় নাছির দা দিয়ে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। ঘটনাটি দেখতে পেয়ে নাছির নামে একজন তাদেরকে বাঁচাতে যান। কনস্টেবল নাছির তাকেও কুপিয়ে আহত করেন। পরে কনস্টেবল ৩ তলা ভবন থেকে লাফিয়ে আহত হয়। তাকেসহ আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ৩ ঘন্টা চিকিৎসাধীন থাকার পর কনস্টেবল নাছির মারা যায়। আহত স্বপন ও ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আহত নাছিরকে সদর হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) অরুপ পাল বলেন, আহত অবস্থায় ৪ জনকে হাসপাতাল আনা হয়। এরমধ্যে কনস্টেবল নাছির চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আহত অন্যদের মধ্যে ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

BBS cable ad