ডেথ রেফারেন্সের শুনানি রবিবার, বিশেষ আইনজীবী প্যানেল গঠন
রামিসা হত্যা মামলায় হাইকোর্টে আসামিদের ডেথ রেফারেন্সের শুনানি আগামী রবিবার শুরু হচ্ছে। মামলা পরিচালনায় রাষ্ট্রপক্ষের বিশেষ আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে।
এ ধরনের ধর্ষণ ও হত্যা মামলাগুলোর বিচার মূলতবি ছাড়া বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
বৃহস্পতিবার (১১ জুন) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল এসব তথ্য জানান। তিনি বলেন, রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স শুনানি তিনি নিজেই করবেন।
এর আগে বুধবার নারী ও শিশু নির্যাতন মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানির জন্য হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি।
রবিবার থেকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত এ হাইকোর্ট বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন।
সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু নারী ও শিশু নির্যাতন দমন আইন সংক্রান্ত মৃত্যুদণ্ডাদেশ কনফারমেশনের রেফারেন্স এবং একই রায় হতে উদ্ভূত সব ফৌজদারি আপিল ও জেল আপিল অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করবে এই বেঞ্চ।
এর আগে গত ৯ জুন রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ড (ডেথ রেফারেন্স) অনুমোদনের নথি হাইকোর্টে আসে।
দুই আসামির ফাঁসির রায়ে ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন স্বাক্ষরের পর ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়।


