শিরোনাম

South east bank ad

কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসি ল্যান্ডকে বদলি

 প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন   |   দেশ

কুমিল্লায় সাংবাদিককে হাতকড়া পরানো সেই এসি ল্যান্ডকে বদলি

কুমিল্লার চান্দিনা উপজেলা ভূমি অফিসে ২ সাংবাদিকের হাতে হাতকড়া পরিয়ে থানায় নেওয়ার ঘটনায় এসি ল্যান্ড ফয়সাল আল নুরকে বদলি করা হয়েছে। তাঁকে সহকারী কমিশনার (ভূমি) থেকে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টায় রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে পদায়ন অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের বিষয়টি অবগত করতে অনুলিপি প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার (১ এপ্রিল) দুপুরে চান্দিনা উপজেলা ভূমি অফিসে মোবাইলফোনে ভিডিও করা নিয়ে দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নূর। পরে সাংবাদিকের হাতে হাতকড়া পরিহিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেন কুমিল্লার কর্মরত সাংবাদিকরাও। ভুক্তভোগী দুই সাংবাদিক হলেন দৈনিক মানবজমিন পত্রিকার দেবিদ্বার উপজেলা প্রতিনিধি রাসেল সরকার এবং ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীম।

জানা যায়, ফেস দ্য পিপল ও দৈনিক আমার শহর পত্রিকার দেবিদ্বার প্রতিনিধি আব্দুল আলীমের খালাতো বোনের নামজারি সংক্রান্ত বিষয়ে তথ্য জানতে চাইলে এসি ল্যান্ড ফয়সাল আল নুর অকথ্য ভাষায় কথা বলেন। এ ঘটনা মোবাইলফোনে ধারণ করতে চাইলে এসি ল্যান্ড ক্ষিপ্ত হয়ে পড়েন। পরে পুলিশ ডেকে সাংবাদিক রাসেল সরকার ও আব্দুল আলীমকে হাতকড়া পরিয়ে থানায় নেওয়া হয়। সেখানে মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় এবং ভিডিও মুছে ফেলা হয়।

BBS cable ad