চুয়াডাঙ্গায় বিপুল ফেয়ারডিল জব্দ, প্রাইভেটকারসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
চুয়াডাঙ্গার জীবননগরে অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল জব্দ করেছে পুলিশ। এ সময় একটি প্রাইভেটকার জব্দসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার হাসাদহ বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় একটি এলিয়েন ব্র্যান্ডের প্রাইভেটকার সন্দেহজনক মনে হলে থামানোর সংকেত দেওয়া হয়।
গাড়ির চালক পালানোর চেষ্টা করলে ডিবি সদস্যরা ধাওয়া করে দুজনকে গ্রেপ্তার করেন।
পরে তাদের কাছ থেকে ২৭৬ বোতল নেশাজাতীয় অবৈধ মাদকদ্রব্য ফেয়ারডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা। এ ছাড়া অভিযান থেকে একটি প্রাইভেটকার (আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা) এবং ৪টি স্মার্টফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার কলাগাছিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে আলিম হোসেন (৩৬) এবং একই গ্রামের বাবু জমাদারের ছেলে জনি (৪০)।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান জানান, এ ঘটনায় জীবননগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


