শিরোনাম

South east bank ad

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার তেল জব্দ

 প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন   |   দেশ

গাজীপুরে ফিলিং স্টেশন থেকে ৩৪ হাজার লিটার তেল জব্দ

গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার বাইমাইল এলাকায় একটি ফিলিং স্টেশন থেকে অবৈধভাবে মজুত রাখা ৩৪ হাজার লিটার তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩০ মার্চ) গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় আনসার, বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত হলেন—কোনাবাড়ী থানার বাইমাইল এলাকার মৃত আব্দুল আলিমের ছেলে আবুল কাশেম বাবুল (৬০)। তিনি ওই ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাইমাইল এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে মেসার্স আব্দুল আলী ফিলিং স্টেশনে অবৈধভাবে ২৮ হাজার ৫২১ লিটার ডিজেল ও ৫ হাজার ৪১৯ লিটার অকটেন মজুত করে রাখা হয়েছিল।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলা প্রশাসন ওই ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। তেল থাকা সত্ত্বেও তারা তেল নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিতেন। পরে অবৈধভাবে মজুত প্রায় ৩৪ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করা হয় এবং ফিলিং স্টেশনের ম্যানেজারকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সালেহুর রহমান বলেন, জব্দকৃত তেল সাধারণ ক্রেতাদের মধ্যে বিক্রি করা হবে।
পরে ওই তেল বিক্রির টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার আদেশ দেওয়া হয়েছে। এ সময় ফিলিং স্টেশনটি সিলগালা করা হয়েছে।

BBS cable ad