শিরোনাম

South east bank ad

কক্সবাজারে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

 প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১০:২০ অপরাহ্ন   |   দেশ

কক্সবাজারে ১৯ কোটি টাকার ইয়াবাসহ আটক ৫

কক্সবাজারে পৃথক দুটি অভিযানে প্রায় ১৯ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শুক্রবার মধ্যরাত থেকে সকালের মধ্যে এই পৃথক অভিযান চলে।

এ সময় ৫ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজারের টেকনাফ থানার শাহপরীর দ্বীপ এলাকা থেকে একটি কাভার্ড ভ্যানে করে বড় একটি ইয়াবার চালান চট্টগ্রামের উদ্দেশ্যে নেওয়া হবে। এ তথ্যের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নাফ নদী সংলগ্ন বড়ইতলী প্রধান সড়কে অভিযান চালায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। অভিযান চলাকালে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রায় ১৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।

অপরদিকে পৃথক আরেকটি অভিযানে জানা যায়, মায়ানমার থেকে নাফ নদী হয়ে একটি ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় নজরদারি জোরদার করে।

শুক্রবার মধ্যরাত ২টার দিকে শাহপরীর দ্বীপের গোলারচর সংলগ্ন সমুদ্র এলাকায় একটি সন্দেহজনক ফিশিং বোট বাংলাদেশের জলসীমায় প্রবেশ করলে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী অভিযান চালিয়ে বোটটি আটক করে। পরে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার এবং ৪ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

BBS cable ad