শিরোনাম

South east bank ad

এক মাসের মধ্যে রোগীর চিকিৎসা ব্যয় কমে আসবে: প্রধানমন্ত্রী

 প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন   |   প্রধানমন্ত্রী

এক মাসের মধ্যে রোগীর চিকিৎসা ব্যয় কমে আসবে: প্রধানমন্ত্রী
 চিকিৎসা ব্যয় কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী এক মাসের মধ্যে রোগীর পকেট থেকে চিকিৎসা ব্যয়ের পরিমাণ কমে আসবে।

শনিবার (১১ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ৮০ বছরপূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। 

স্বাস্থ্যসেবা এগিয়ে নিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা জানিয়ে তিনি বলেন, চিকিৎসা ব্যয় পূর্বের চেয়ে অনেক কমে আসবে। এ ছাড়া দ্রুততম সময়ের মধ্যে দেশে আরও পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

এ সময় নাগরিকদের সুস্থতা নিশ্চিতে প্রতিরোধে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, ‘চিকিৎসার চেয়ে প্রতিরোধের নীতিমালায় আমরা বিশ্বাসী। এবারের স্বাস্থ্য বাজেট মোট বাজেটের দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ দেওয়া তারই প্রমাণ।’

তিনি বলেন, বিদ্যুতের নিরবচ্ছিন্ন সেবার জন্য সোলার প্যানেলের মাধ্যমে সব উপজেলা হাসপাতালে বিদ্যুৎ ব্যাকআপ থাকবে। বর্জ্যব্যবস্থাকে কাজে লাগিয়ে আমাদের বৈজ্ঞিানিকভাবে কিছু করার প্রয়াস চালাতে হবে।’

দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারসহ বিভিন্ন জাতীয় সংকটে ঢামেকের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, এই ঢাকা মেডিকেল কলেজ অবদান রেখেছে ৫২ এর ভাষা আন্দোলন, ৭১ এর মুক্তিযুদ্ধ, ৯০ এর স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে। এটি কোনো না কোনোভাবে দেশের সবার কাছেই পরিচিত।

এর আগে ঢাকা মেডিকেল কলেজের শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে ডিএমসি-ডে ২০২৬ এবং ক্যাম্পাস প্রাঙ্গণে  স্মারক বৃক্ষরোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

দশটি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ১৯টি হোস্টেল ভবন নির্মাণ প্রকল্পের আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি ছাত্রী হোস্টেল নির্মাণ-সংক্রান্ত উপস্থাপনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরা হয়। তিনি প্রকল্পটির বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন।

অনুষ্ঠানে যোগ দিতে গুলশানের বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান তিনি। এ সময় তাঁর পাশের আসনে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান।

BBS cable ad

প্রধানমন্ত্রী এর আরও খবর: