শিরোনাম

South east bank ad

নতুন পোশাকে পুলিশ

 প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন   |   পুলিশ

নতুন পোশাকে পুলিশ

নতুন পোশাকে দায়িত্ব পালন করতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে গতকাল পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাদের নতুন পোশাকে দেখা যায়।

নতুন পোশাক অনুযায়ী, মেট্রোপলিটনের পুলিশ পরবে হালকা জলপাই রঙের শার্ট আর খাকি প্যান্ট। আর বাকিদের পোশাকের রঙ গাঢ় নীল আর খাকি প্যান্ট। জুলাই গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের সংস্কারের অংশ হিসেবে পোশাকে বড় পরিবর্তন আনা হয়। তবে দেশের নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর আগের সেই পোশাক বদলে ফেলার সিদ্ধান্ত হয়। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদী বলেন, ‘বুধবার থেকে নতুন পোশাক পরে দায়িত্ব পালন শুরু করেছেন পুলিশ সদস্যরা। এখনো সব পুলিশ সদস্য এ পোশাক পাননি। আশা করি অল্প সময়ের মধ্যে সবাই পেয়ে যাবেন।’

২০২৪ সালে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশে সংস্কারের দাবি ওঠে। ওঠে পুলিশের ইউনিফর্ম পরিবর্তনের দাবিও। আইন-শৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, পুলিশের শার্টের রঙ আয়রন বা লোহা-ধূসর, আর প্যান্টের রঙ কফি শেল বা কফি-বাদামি ধূসর করা হয়। গত বছরের ২৫ নভেম্বর নতুন পোশাকে মাঠে নামে পুলিশ। যদিও সেই পোশাক নিয়ে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক পুলিশ সদস্য পোশাক পরিবর্তনের বিষয়টি মেনে নিতে পারেননি। পোশাকের রঙ নিয়ে প্রশ্ন ওঠে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেই নতুন করে পুলিশের পোশাক পরিবর্তনের দাবি ওঠে। গত ১৮ জুন পোশাকের রঙ পরিবর্তন করে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর। এর মধ্য দিয়ে ২০২৫ সালের নভেম্বরের আগের পোশাকে ফিরেছে পুলিশ বাহিনী।

প্রজ্ঞাপন অনুযায়ী, জেলাসহ অন্যান্য ইউনিটের পুলিশের জন্য হবে গাঢ় নীল রঙের শার্ট। সব মেট্রোপলিটন পুলিশের হবে হালকা অলিভ (জলপাই) রঙের। সব পুলিশের প্যান্টের রঙ হবে খাকি। এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি ও র‍্যাব এ পোশাকের আওতামুক্ত থাকবে। তাদের ক্ষেত্রে পোশাক পরিবর্তন হবে না।

প্রজ্ঞাপনে নারী পুলিশের পোশাকের বিষয়েও বিস্তারিত বলা হয়। নারী পুলিশ চাইলে শাড়ি পরতে পারবেন। জেলা পুলিশ ও অন্যান্য ইউনিটের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে গাঢ় নীল ব্লাউজ পরা যাবে। মহানগর পুলিশের ক্ষেত্রে গাঢ় নীল শাড়ির সঙ্গে হালকা জলপাই রঙের ব্লাউজের কথা বলা হয়েছে। নারী পুলিশ সদস্যরা চাইলে মাথার আবরণ ব্যবহার করতে পারবেন। ট্রাফিক ইউনিটে কর্মরত নারী পুলিশ সদস্যরাও সারা বছর পূর্ণহাতা শার্ট বা ব্লাউজ পরতে পারবেন। গর্ভাবস্থায় সংশ্লিষ্ট ইউনিটপ্রধানের পূর্বানুমোদন নিয়ে নারী পুলিশ সদস্য সাধারণ পোশাক পরতে পারবেন।

নতুন এ পোশাক পরেই পূর্বাচল নতুন শহর প্রকল্পে বরকাউ পুলিশ ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে গতকাল হাজির হয়েছিলেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির ও ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সিনিয়র পুলিশ কর্মকর্তারা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) পরিচালিত পূর্বাচল নতুন শহর প্রকল্পে আইন-শৃঙ্খলা ব্যবস্থাকে আরো শক্তিশালী করতে নবনির্মিত ‘বরকাউ পুলিশ ক্যাম্প’-এর উদ্বোধন করা হয়। নতুন শহর প্রকল্পের সেক্টর-১, রোড নং-১০২, রাজউক সেন্ট্রাল মেকানিক্যাল স্ট্যাক ইয়ার্ড (প্লট নং-৪৪)-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পটির উদ্বোধন করেন আইজিপি আলী হোসেন ফকির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

.
BBS cable ad