শিরোনাম

South east bank ad

ইয়াবাকাণ্ডে পদ হারালেন ওসি আফতাব

 প্রকাশ: ১৮ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন   |   পুলিশ

ইয়াবাকাণ্ডে পদ হারালেন ওসি আফতাব

ইয়াবা আত্মসাতের অভিযোগে পদ হারালেন নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

বুধবার (১৭ জুন) রাতে তাকে কোতোয়ালী থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক, প্রশাসন ও অর্থ) মো. ওয়াহিদুল হক চৌধুরী।

পুলিশ সূত্র জানায়, গত বছরের ৮ ডিসেম্বর কক্সবাজার থেকে চট্টগ্রামে আনা এক লাখ ইয়াবার চালান উদ্ধারের পর তা জব্দ না করে আত্মসাতের অভিযোগ ওঠে পুলিশের কয়েকজন সদস্যের বিরুদ্ধে।
এ ঘটনায় পুলিশের তদন্তে কোতোয়ালী থানার ওসি আফতাব উদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ উঠে আসে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, তার নির্দেশেই উদ্ধার হওয়া ইয়াবার চালান আত্মসাৎ করা হয় এবং বহনকারীকে ছেড়ে দেওয়া হয়।

এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ, এসআই আল-আমিন সরকার, এসআই আমির হোসেন ও এএসআই সাদ্দাম হোসেনসহ কয়েকজন পুলিশ সদস্যের সম্পৃক্ততার কথা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
ইতোমধ্যে কনস্টেবল ইমতিয়াজ হোসেন এবং পরিদর্শক তানভীর আহমেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

BBS cable ad