অর্থনীতি ও কর্মসংস্থানে বাংলাদেশ-ইতালি একসঙ্গে কাজ করবে: এলজিআরডি মন্ত্রী
অর্থনীতি, কর্মসংস্থান, দক্ষ মানবসম্পদ উন্নয়ন, বৈধ অভিবাসন ও নগর ব্যবস্থাপনাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ইতালির সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
সোমবার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সৌজন্য সাক্ষাতে এসব বিষয়ে আলোচনা হয়। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
বৈঠকে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালীয় ভাষা শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি অবৈধ অভিবাসন রোধে জনসচেতনতা বাড়ানো এবং নিরাপদ ও বৈধ অভিবাসন নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়।
প্রতিমন্ত্রী জানান, ইতালিতে প্রায় আড়াই লাখ বাংলাদেশি বসবাস করছেন। দক্ষতা ও ভাষা প্রশিক্ষণের মাধ্যমে বৈধ জনশক্তি রপ্তানি বাড়াতে ইতালির সহযোগিতা চাওয়া হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে অবৈধ পথে বিদেশযাত্রা রোধে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
বৈঠকে মিলান সিটির সঙ্গে খুলনা সিটি করপোরেশনের খাদ্য নিরাপত্তা ও খাদ্য অপচয় রোধে যৌথভাবে কাজ, স্থপতিদের প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় এবং বাণিজ্য, রেমিট্যান্স ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।


