রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের জোরালো ভূমিকা চান স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার (৬ সেপ্টেম্বর) রোহিঙ্গা সংকটের দ্রুত ও টেকসই রাজনৈতিক সমাধানে বিশ্ব সম্প্রদায় ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জোরালো সহযোগিতা প্রয়োজন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) মিলনায়তনে ইনস্টিটিউট ফর গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন (আইজিসিএফ) আয়োজিত ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: ইমার্জিং চ্যালেঞ্জেস অ্যান্ড রিফ্রেমিং রেসপনসিবিলিটিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যুটি যেন অন্য কোনো বৈশ্বিক সংঘাত বা সংকটের আড়ালে চাপা না পড়ে। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপদ পরিবেশ তৈরি করে রোহিঙ্গাদের দ্রুত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, বাংলাদেশের প্রধান লক্ষ্য প্রায় ১৫ লাখ বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিককে নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরিয়ে দেওয়া। এ জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহায়তা এবং প্রভাবশালী দেশগুলোর রাজনৈতিক ভূমিকা অত্যন্ত জরুরি।
দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ফলে বাংলাদেশের নিরাপত্তা ও স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তে থাকা চাপের কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, ক্যাম্পগুলোতে অপরাধ, অস্ত্র ও মাদক চোরাচালান, মানবপাচার, লিঙ্গভিত্তিক সহিংসতা এবং সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বাড়ছে। এসব নিয়ন্ত্রণে ক্যাম্প এলাকায় ফেন্সিং ও নিয়ন্ত্রিত যাতায়াত ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।
মন্ত্রী আরও বলেন, শুধু মানবিক সহায়তা অব্যাহত রাখলে হবে না; দ্রুত একটি ‘ট্রানজিশনাল স্ট্র্যাটেজি’ গ্রহণ করতে হবে। এর মাধ্যমে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদে ফিরে যাওয়ার উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক চাপ ও উদ্যোগ বাড়াতে হবে।
আলোচনায় জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি আইভো ফ্রেইসেন, বিআইআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল এ এস এম রিদওয়ানুর রহমানসহ বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বক্তব্য দেন।


