শিরোনাম

South east bank ad

সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন   |   মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক হিসেবে সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে কোনো জনগোষ্ঠী বা সম্প্রদায়ের মানুষকে ‘সংখ্যালঘু’ হিসেবে পরিচিত হওয়ার প্রয়োজন নেই। ধর্ম বা অন্য কোনো বিভাজন নয়, নাগরিকত্বের ভিত্তিতেই দেশের প্রতিটি মানুষ সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর)  বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে ‘কেন্দ্রীয় জন্মাষ্টমী উৎসব ১৪৩৩’ উপলক্ষে আয়োজিত ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিলের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবার প্রথম পরিচয় ‘আমরা সবাই বাংলাদেশি’। ধর্মীয়, সামাজিক কিংবা নৃগোষ্ঠীগত পরিচয় পরবর্তী বিষয়। সরকারের মূল নীতি হলো সবার জন্য সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা।

অতীতের রাজনৈতিক ব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের একটি নির্দিষ্ট দলের ‘ভোট ব্যাংক’ হিসেবে দেখার রাজনৈতিক ধারণা জনগণ প্রত্যাখ্যান করেছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের সব ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতা ও আচার পালনের অধিকার নিশ্চিত করেছে বলেও দাবি করেন তিনি।

সংবিধানের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ধর্মের ভিত্তিতে কোনো ধরনের বৈষম্য করা যাবে না। সব ধর্মাবলম্বীর উপাসনালয় ও সংশ্লিষ্ট ব্যক্তিদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।

‘সাম্প্রদায়িক সম্প্রীতি’ শব্দের পরিবর্তে ‘ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি, সহাবস্থান ও শান্তি’ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ইতিবাচক এই চর্চা সমাজকে আরও সুন্দর করবে।

অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও ক্ষুদ্র নৃগোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।

পরে পলাশী মোড়ের ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গন থেকে জন্মাষ্টমীর বর্ণাঢ্য মিছিল শুরু হয়ে বাহাদুর পার্কে গিয়ে শেষ হয়।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: