শিরোনাম

South east bank ad

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে

 প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন   |   মন্ত্রী

খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও মানকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ খাদ্য মজুদ ও খাদ্যের গুণগত মানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী। একই সঙ্গে দুর্যোগ বা সংকটকালীন পরিস্থিতিতে নিরবচ্ছিন্ন খাদ্য সরবরাহ নিশ্চিত করতে আগাম পরিকল্পনা ও পর্যাপ্ত মজুদ রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।

রবিবার (৬ সেপ্টেম্বর) খাদ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন খাদ্যমন্ত্রী। খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন খানের সভাপতিত্বে সভায় খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য অধিদপ্তরের কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। দেশের খাদ্য মজুদ পর্যাপ্ত ও নিরাপদ আছে কি না, খাদ্যের মান ঠিক আছে কি না এবং দুর্যোগের সময় মানুষের কাছে যথাসময়ে খাদ্য পৌঁছানো সম্ভব হবে কি না—এসব বিষয় সবসময় বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, খাদ্য অধিদপ্তরে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না। অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দুই-একজনের অনিয়মের কারণে পুরো প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হতে দেওয়া যাবে না।

দেশের বিভিন্ন খাদ্য গুদাম ও অবকাঠামোর দুরবস্থা দ্রুত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কাজ করার নির্দেশ দেন মন্ত্রী। মানিকগঞ্জের সাটুরিয়া খাদ্য গুদামের জরাজীর্ণ অবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

মাঠপর্যায়ের কর্মকর্তা, খাদ্য পরিদর্শক ও ওসি-এলএসডিদের কাজ নিয়মিত মূল্যায়নের ওপরও গুরুত্ব দেন খাদ্যমন্ত্রী। ভালো কাজের জন্য কর্মকর্তাদের পুরস্কৃত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ উঠলে যথাযথ তদন্ত ও তথ্য-উপাত্ত যাচাই করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন, প্রকৃত দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তির শিকার না হন, সেদিকে সতর্ক থাকতে হবে।

খাদ্যমন্ত্রী জানান, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম সরেজমিনে দেখতে তিনি নিয়মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করবেন। প্রয়োজন হলে খাদ্য অধিদপ্তরে এসে কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কাজ করবেন।

সভায় খাদ্য সচিব আবু তাহের মো. মাসুদ রানা কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, খাদ্য অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল করতে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: