র্যাব পরিচয়ে ৩০০ ফিটে ছিনতাই, সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেপ্তার ৩
রবিবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট মহাসড়কে র্যাব পরিচয়ে মোটরসাইকেল আরোহীদের তুলে নিয়ে টাকা, মুঠোফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে খিলক্ষেত থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজন নিজেকে সাবেক সেনা কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের অভিযানে ছিনতাইয়ে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকার, পাঁচটি ডামি পিস্তল, চারটি ডামি ম্যাগাজিন, তিনটি পিস্তলের কাভার, ইলেকট্রিক শক মেশিন, ছুরি, স্টিলের বাটনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে ছিনতাই হওয়া একটি এপাচি ফোরভি মোটরসাইকেল ও আইফোন ১৩ প্রো ম্যাক্স উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটের দিকে কুমিল্লার মুরাদনগরের বাসিন্দা মো. শাওন হোসেন (২০) বন্ধুদের নিয়ে ৩০০ ফিট মহাসড়কে ঘুরতে যান। স্বদেশ প্রোপার্টিজের সামনে ২ নম্বর সেতুর নিচে মোটরসাইকেল রেখে ছবি তোলার সময় একটি রুপালি রঙের প্রাইভেটকার তাঁদের সামনে থামে। গাড়ি থেকে কয়েকজন নেমে নিজেদের র্যাব সদস্য পরিচয় দিয়ে তাঁদের নাম-ঠিকানা ও মোটরসাইকেলের কাগজপত্র দেখতে চান।
কাগজপত্র ও চাবি দিতে অস্বীকৃতি জানালে অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি দেখিয়ে মারধর করেন এবং জোর করে গাড়িতে তুলে নেন। পরে পিস্তল দেখিয়ে তাঁদের কাছে থাকা টাকা ও মানিব্যাগ নিয়ে প্রায় দেড় ঘণ্টা বিভিন্ন স্থানে ঘোরানোর পর পিংক সিটির গেটের সামনে নামিয়ে দেওয়া হয়।
এ সময় শাওন কৌশলে অভিযুক্তদের গাড়ির চাবি নিয়ে দৌড় দেন। তাঁকে ধাওয়া করার সময় রাহাত বিন রিগানের মাথার পেছনে পিস্তলের বাঁট দিয়ে আঘাত করা হয়। শাওন স্বদেশ চত্বরে থাকা পুলিশের গাড়ির কাছে গিয়ে বিষয়টি জানালে অভিযান শুরু করে খিলক্ষেত থানা পুলিশ।
পরে পিংক সিটি গেটের সামনে থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া টয়োটা প্রাইভেটকারটি জব্দ করা হয়। গাড়ি থেকে হেলমেট, স্টিলের বাটন, ইলেকট্রিক শক মেশিন, গ্লাভসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে খিলক্ষেতের বরুয়া এলাকা থেকে প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পল্লবীর একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ডামি পিস্তল, ম্যাগাজিন, পিস্তলের কাভার, ছুরি ও অন্যান্য সরঞ্জাম এবং ছিনতাই হওয়া মোটরসাইকেল ও আইফোন উদ্ধার করা হয়। পরে তাঁর তথ্যের ভিত্তিতে চক্রের আরও দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পল্লবী থানাসহ ডিএমপির বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শাওন হোসেনের অভিযোগে ৬ সেপ্টেম্বর খিলক্ষেত থানায় মামলা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ১৭০ ও ৩৯৪ ধারায় করা হয়েছে।


