শিরোনাম

South east bank ad

অন্যের অধিকার সম্মান করলেই নিজের অধিকার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী

 প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন   |   মন্ত্রী

অন্যের অধিকার সম্মান করলেই নিজের অধিকার প্রতিষ্ঠা হবে: সমাজকল্যাণ মন্ত্রী
নিজের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি অন্যের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের কার্নিভাল হলে বাংলাদেশ একাডেমি অব অফথালমোলজি আয়োজিত বার্ষিক সায়েন্টিফিক সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, সবাই সবার পেশাকে সম্মান করলে পারস্পরিক শ্রদ্ধা ও মর্যাদার পরিবেশ নিশ্চিত হবে। চিকিৎসকদের বিশ্বমানের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচিত হয়ে তা প্রয়োগের মাধ্যমে দেশের চক্ষু চিকিৎসাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান তিনি।

তিনি বলেন, চক্ষু চিকিৎসাসেবার আধুনিকায়নের মাধ্যমে চিকিৎসার জন্য রোগীদের বিদেশ যাওয়ার হার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। আগামী ৫০ বছর সেবা দিতে সক্ষম এমন দীর্ঘমেয়াদি ও সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন করা হলে সরকার সর্বাত্মক সহযোগিতা করবে।

চিকিৎসকদের জাতীয় নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণে সুনির্দিষ্ট পরামর্শ দিয়ে সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়তে চান, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। চক্ষুরোগীদের যথাযথ চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে পারলে এ লক্ষ্য অর্জন আরও সহজ হবে।

এ সময় জনকল্যাণে মরণোত্তর চক্ষু ও অঙ্গদানের মতো মহৎ উদ্যোগে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে চিকিৎসকদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সম্মেলনে বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, দেশের প্রায় ৫ শতাংশ শিশু জন্মের পর থেকেই বিভিন্ন চক্ষু সমস্যায় আক্রান্ত হয়, যার বড় একটি অংশ চিকিৎসার মাধ্যমে প্রতিরোধযোগ্য। দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের ৩৬ জন বিশেষজ্ঞ চিকিৎসক তাঁদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।
BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: