শিরোনাম

South east bank ad

চট্টগ্রামে ৩,৫০০ বন্যাকবলিত পরিবারকে সিজেডএমের ত্রাণ সহায়তা

 প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন   |   মন্ত্রী

চট্টগ্রামে ৩,৫০০ বন্যাকবলিত পরিবারকে সিজেডএমের ত্রাণ সহায়তা

বুধবার (২২ জুলাই) চট্টগ্রামের বন্যাকবলিত সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ৩ হাজার ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও খাদ্য সহায়তা বিতরণ করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)। ১২ থেকে ২১ জুলাই পর্যন্ত টানা ১০ দিন এ কার্যক্রম পরিচালনা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বন্যার শুরুতে প্রতিটি পরিবারের জন্য প্রায় ৮ কেজি ওজনের ত্রাণ প্যাকেজে চিড়া, মুড়ি, খেজুর, চিনি, গুড়, বিস্কুট, খাবার স্যালাইন, বিশুদ্ধ পানিসহ ১২টি জরুরি খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। পরে বন্যার পানি কমে এলে ১২ দশমিক ৫ কেজি ওজনের খাদ্য প্যাকেজে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল ও লবণ সরবরাহ করা হয়।

সিজেডএম জানায়, জরুরি খাদ্য সহায়তা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার মধ্য দিয়ে তাদের বন্যা মোকাবিলায় তাৎক্ষণিক মানবিক সহায়তার প্রথম ধাপ শেষ হয়েছে।

এদিকে বাঁশখালী উপজেলার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ক্ষয়ক্ষতি ও প্রয়োজনীয়তা মূল্যায়নও সম্পন্ন করেছে সংস্থাটি। প্রাথমিক মূল্যায়নে ঘরবাড়ি মেরামত, জীবিকা পুনর্বাসন, খাদ্য নিরাপত্তা এবং বিশুদ্ধ পানি, স্বাস্থ্যবিধি ও স্যানিটেশন সহায়তার প্রয়োজনীয়তা চিহ্নিত হয়েছে। পর্যাপ্ত তহবিল সংগ্রহ সাপেক্ষে পুনর্বাসন ও জীবিকা পুনরুদ্ধার কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানানো হয়েছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্বের জন্য স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রশংসা পেয়েছে সিজেডএম। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও ত্রাণ বিতরণ কার্যক্রমকে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ বলে প্রত্যয়ন করেছে।

মানবিক এ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা প্রদানকারী দাতা, স্বেচ্ছাসেবক, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট।





BBS cable ad

মন্ত্রী এর আরও খবর: